কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড পরিচয়ে এক ব্যক্তিসহ সংগঠনটির আরো এক সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আরসার সেকেন্ড-ইন-কমান্ড নূর হোসেন (৩১) এবং সংগঠনটির সদস্য মো. জুনায়েদ (২৩)। তারা দুজনই উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
৮ এপিবিএন সূত্র জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের গোলঘরের পাশের একটি চা দোকানের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার নূর হোসেন উখিয়া থানায় দায়ের করা একটি মামলার আসামি। গ্রেপ্তারের পর তাদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ৮ এপিবিএন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








