ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ‘আঞ্চলিক ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-২০২৫’ অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইমরান বিশ্বাস।
শনিবার (১৪ নভেম্বর) গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৫০তম বার্ষিক কাউন্সিল সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। সভায় ইমরান বিশ্বাসের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কাউন্সিলের অন্যান্য সদস্য।
অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি জানিয়ে ইমরান বলেন, এ স্বীকৃতি পেয়ে তিনি আনন্দিত। তার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও জেলা রোভারের জন্য কিছু অর্জন করতে পেরেছেন—এটি তার কাছে আরও বেশি আনন্দের। এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ সালে রোভার আন্দোলনের উন্নয়ন, সম্প্রসারণ ও আদর্শ বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রোভার অঞ্চল থেকে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর সারা দেশ থেকে দুজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








