বিশ্বের তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে এক বৈঠকে বসতে পারেন। ইউক্রেন যুদ্ধ, ইরান, পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে তাদের আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি ও ধরন এখনো চূড়ান্ত হয়নি। আর এই বৈঠক ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের সম্মেলনে যোগ দিতে তিন নেতাই চীনের শেনজেনে থাকবেন। সেখানেই তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তিন নেতার লক্ষ্য এক নয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধ নিজের শর্তে শেষ করার সুযোগ খুঁজছেন। অন্যদিকে ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে তিন দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখছেন।
কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের জন্য বৈঠকটি বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, ট্রাম্পের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার সঙ্গে শি জিন পিংয়ের পরিকল্পিত ও পূর্বনির্ধারিত কূটনৈতিক কর্মসূচির পার্থক্য রয়েছে। আবার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের আগ্রহও চীনের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। তাই ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে একই কাঠামোয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বসতে আগ্রহী নয় বেইজিং।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে পূর্ব এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এডগার কাগান বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে চায় না। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একসঙ্গে এমন আলোচনায় বসলে নিজেদের ওই দুই দেশের সমপর্যায়ের পারমাণবিক শক্তি হিসেবে মেনে নেওয়ার বিষয়টি সামনে আসতে পারে। চীন এ ধরনের অবস্থান এড়িয়ে চলতে চায়।
তবে বৈঠকের টেবিলে না থাকা ইউক্রেন ও তাইওয়ানের মতো দেশগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে পর্দার আড়ালে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, যেখানে ছোট দেশগুলোর মতামতের গুরুত্ব থাকবে না।
তিন নেতার সম্ভাব্য বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গেও তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা ওই সম্মেলনে বসেছিলেন। সেখানে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং প্রভাববলয় নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তী সময়ে ছোট দেশগুলোর ভাগ্য বড় শক্তিগুলোর আলোচনায় নির্ধারিত হওয়ার প্রতীক হয়ে ওঠে ইয়াল্টা সম্মেলন।
রাশিয়ার জাতীয়তাবাদী মহলে নতুন করে ইয়াল্টার মতো সম্মেলনের সম্ভাবনা নিয়ে উৎসাহ দেখা যাচ্ছে। তাদের আশা, এমন বৈঠকের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসানে মস্কোর অনুকূলে কোনো সমঝোতা হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে একই টেবিলে বসার সুযোগ রাশিয়াকে আবারও বৈশ্বিক পরাশক্তি হিসেবে তুলে ধরবে। রুশ জাতীয়তাবাদী চিন্তাবিদ আলেকজান্ডার দুগিন রেডিও স্পুটনিককে বলেন, এই বৈঠক বিশ্বে কারা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরবে। তার মতে, এটি বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার প্রতীকী স্বীকৃতি।
তবে ইউক্রেন থেকে জাপান পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে এ নিয়ে উদ্বেগ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মাসে বলেছিলেন, তাঁরা চান না এই বৈঠক নতুন করে প্রভাববলয় ভাগাভাগির আরেকটি ইয়াল্টায় পরিণত হোক।
চীনের জন্যও বিষয়টি কিছুটা অস্বস্তিকর। কারণ, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ বর্তমানে বেইজিং নিজেকে ছোট দেশগুলোর স্বার্থের পক্ষে থাকা একটি শক্তি হিসেবে তুলে ধরতে চায়।

পারমাণবিক অস্ত্র নিয়ে অস্বস্তি চীনের
চীনা গবেষকদের সঙ্গে কথা বলে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত পারমাণবিক আলোচনা বেইজিংয়ের কাছে গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের কাছে পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে চীনের কাছে রয়েছে প্রায় ৫০০টি। তবে দেশটি দ্রুত নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে।
চীন ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি ও সামরিক প্রযুক্তি নিয়ে সহযোগিতা বেড়েছে। দুই দেশ ঘনিষ্ঠ হলেও সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে তাদের অবস্থানে পার্থক্য রয়েছে।
বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র ও ইউরোপের একজন কূটনীতিকের বরাতে রয়টার্স জানিয়েছে, মস্কো ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় আগ্রহী হলেও বেইজিং বিষয়টি বৈঠকের আলোচ্যসূচিতে রাখতে চাইছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পেরও এ বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা কম। তিন দেশের বৈঠক এ বিষয়ে আলোচনার উপযুক্ত জায়গা নয় বলে মনে করছে ওয়াশিংটন।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে বিভিন্ন প্রস্তাব বিনিময় হচ্ছে। বৈঠকটি নিঃসন্দেহে আকর্ষণীয় হবে এবং সারা বিশ্বের মানুষের মনোযোগ কাড়বে।
ট্রাম্পও বৈঠক থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও দৃঢ় করতে চান। আগামী বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনার মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু সাফল্য দেখাতে চাইতে পারেন তিনি। পারমাণবিক অস্ত্র নিয়ে সমঝোতা কিংবা ইরান যুদ্ধের অবসানে ভূমিকা রাখতে পারলে তা তার রাজনৈতিক উত্তরাধিকারকে আরও শক্তিশালী করতে পারে।
পূর্ব এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক কার্ট টংয়ের মতে, এই সফরের মাধ্যমে ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে নিজের নেতৃত্ব, কর্তৃত্ব ও কূটনৈতিক দক্ষতা তুলে ধরতে চাইবেন। বিশ্বমঞ্চে নিজের উপস্থিতিও জানান দিতে চাইবেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








