শুল্ক কমানো, কৃষিপণ্য বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে চীন ও যুক্তরাষ্ট্র। শুক্রবার দুই দেশের মধ্যে প্রথমবারের মতো বাণিজ্য পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ নভেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চীনের শেনজেনে দুই দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠকের কয়েক দিন আগে এই আলোচনা অনুষ্ঠিত হলো।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগের চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার ফলাফল বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে খোলামেলা, গভীর ও গঠনমূলক আলোচনা হয়েছে। আলোচনায় শুল্ক, পারস্পরিক ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোর ব্যবস্থা, কৃষিপণ্য বাণিজ্য এবং উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় স্থান পেয়েছে।
আলোচনায় কোনো চুক্তি বা সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি। বাণিজ্যসংক্রান্ত উদ্বেগ দূর করা, সহযোগিতা বাড়ানো এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাণিজ্য পরিষদের মাধ্যমে আলোচনা অব্যাহত রাখবে দুই দেশ।
সেপ্টেম্বরে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকের পর দুই দেশ পারস্পরিকভাবে মোট ৬০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোর একটি প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ২০২৪ সালে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা প্রায় ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্যও অন্তর্ভুক্ত ছিল। তবে পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি।
চলতি বছর সয়াবিন ছাড়া অন্যান্য মার্কিন কৃষিপণ্য চীনের কেনাকাটা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পথে রয়েছে। অথচ ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ১৭ বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য কেনার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছিল। চলতি মাসের শুরুতে চীনের শুল্কসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে দুই দেশের বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার বিষয়টি স্পষ্ট হয়েছে।
বেইজিং বারবার ওয়াশিংটনকে ৬০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোর চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি বাড়ানোর পূর্বশর্ত হলো এই শুল্ক কমানোর চুক্তি কার্যকর করা।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের সম্মেলনের ফাঁকে আগামী বৃহস্পতিবার শেনজেনে ট্রাম্পের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








