চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ না করার প্রতিবাদে এবার চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছে আন্দোলনরত চুয়েট শিক্ষার্থীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে চলমান আন্দোলনের নবম দিনের কর্মসূচির অংশ হিসেবে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারো শিক্ষার্থী।
দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে গোল চত্বর হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, ‘‘চুয়েটে টানা ৯ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া মিলেনি। তারই প্রেক্ষিতে চোখে কালো কাপড় বেঁধে প্রশাসনের নীবরতায় আমাদের এই প্রতিবাদ কর্মসূচি।’’
তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান এই আন্দোলন থামবে না।
উল্লেখ্য, গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেন।
চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে ৫৬ দিনের মাথায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে চুয়েটের উপাচার্য পরিবর্তনের আকস্মিক এই সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। টানা নবম দিন গড়িয়েছে আন্দোলন। আন্দোলনের মুখে সম্পূর্ণ অচলাবস্থা বিরাজ করছে চুয়েটে। বন্ধ আছে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









