কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর মোহাম্মদ রাজা (২৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে কামালপুর মাঠের ধানখেতের পাশে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজা পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাজা নিখোঁজ ছিলেন। সন্ধান না পেয়ে পরদিন পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বুধবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
মরদেহটি অর্ধগলিত ও বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে ঝিনাইদহ থেকে সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে নিহতের পরনের জিন্স প্যান্ট ও গেঞ্জি দেখে স্বজনেরা মরদেহটি রাজার বলে শনাক্ত করেন। প্রাথমিক আলামত সংগ্রহের পর পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘‘মরদেহের অবস্থা ও পারিপার্শ্বিক আলামত দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। সিআইডি দল তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









