চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীদের আন্দোলন ১১ দিনে গড়িয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জুমার নামাজ পরবর্তী বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে উপাচার্য পদে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলে অংশগ্রহণকারী যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘‘আন্দোলন ১১ দিনে গড়ালেও শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান তিনি।
মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘‘সকল শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমরা ক্লাসে ফিরতে চাই, প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে একটা সমাধান এনে দিন।’’
গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই আন্দোলনে নামেন চুয়েট শিক্ষার্থীরা।
আন্দোলন শুরুর পর গত ১১ দিনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন, উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলানো, মশালমিছিল, লাল কার্ড প্রদর্শন, ‘৫৬ কেন’, ‘শ্বেত শাড়ির গণ সাক্ষ্য’, সাবেক উপাচার্যের মুখাবয়বের মুখোশ পরে মিছিল, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ ও ‘প্রতিবাদী কনসার্টসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









