মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ঢালে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। পরবর্তীতে রেলওয়ের টেকনিক্যাল টিম হুক মেরামত করলে বিকেল ৫টা ১০ মিনিটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢালে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়।
এতে ট্রেনের পেছনের অংশের যাত্রীবাহী বগিগুলো বনের মধ্যেই দাঁড়িয়ে পড়ে এবং ইঞ্জিনটি একা সামনের দিকে চলে যায়। বনের ভেতরে আকস্মিক বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে এবং সিলেটগামী অপর আন্তঃনগর ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে রেলওয়ের টেকনিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হুক মেরামতের কাজ শুরু করে। টানা চেষ্টার পর বিকেল ৫টা ১০ মিনিটে লাইন সচল হলে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, লাউয়াছড়া বনের পাহাড়ি ঢালে ওঠার সময় ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এতে সাময়িকভাবে রেলযোগাযোগ বিঘ্নিত হলেও টেকনিক্যাল টিম দ্রুত হুক মেরামত করলে সারা দেশের সাথে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









