মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানে বজ্রপাতে মিরন দাস পাইনকা নামে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বাগানের পেঁচার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরন দাস পাইনকা ওই বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল এলাকায় গরু চরাতে যান মিরন। দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









