দেশ ও সমাজের পরিবর্তন চাইলে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব ও অবদান নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘‘সবাই দেশকে সুন্দর ও উন্নত দেখতে চান। কিন্তু দেশ ও সমাজের পরিবর্তনে নিজের ভূমিকা কী—প্রত্যেককে সেই প্রশ্ন করতে হবে।’’
তিনি বলেন, ‘‘আমি নিজেকে প্রশ্ন করি—দেশকে উন্নত করার জন্য আমি কী করছি? আমার ভূমিকা কী? দেশ ও সমাজের পরিবর্তনে আপনার অবদান কী—এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই।’’
পরিবর্তনের প্রতি অনীহাকে অগ্রগতির অন্যতম বাধা হিসেবে উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, ‘‘নতুন কিছু করতে গেলে সমালোচনা ও চ্যালেঞ্জ আসবেই। সেই আশঙ্কায় প্রচলিত ধারায় আটকে থাকলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।’’
তিনি বলেন, ‘‘আমাদের বড় সমস্যা হলো, আমরা পরিবর্তন পছন্দ করি না। যেভাবে চলছে, সেভাবেই ধরে রাখতে চাই। কারণ পরিবর্তন করতে গেলে সমালোচনা ও নানা চ্যালেঞ্জ আসে।’’ উৎপাদনশীলতা বাড়াতে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন ধারণা গ্রহণ ও সৃষ্টিশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক।
দেশ ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘‘আসুন, আমরা সবাই মিলে এই দেশ ও সমাজের জন্য কাজ করি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









