পরিবহন খাতের ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের খাবারের মানোন্নয়নে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের কাছে কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের জন্য দুটি ডাবল ডেকার বাস উপহার চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসন আয়োজিত ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
উপাচার্য বলেন, কুষ্টিয়া ও ঝিনাইদহের মধ্যবর্তী স্থানে বিশ্ববিদ্যালয় হওয়ায় বাজেটের বড় অংশ পরিবহন খাতে ব্যয় হয়। ফলে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মানসম্মত খাবার দেওয়া সবসময় সম্ভব হয় না। দুটি ডাবল ডেকার বাস পাওয়া গেলে পরিবহন খাতে ব্যয় সাশ্রয় করে তা শিক্ষার্থীদের পুষ্টিকর ও মানসম্মত খাবারের পেছনে ব্যয় করা সম্ভব হবে।
অর্থ উপদেষ্টাকে তার সহপাঠী উল্লেখ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নয়, একজন সহপাঠী হিসেবে আমি তাঁর কাছে ছোট একটি আবদার করতেই পারি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আনোয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও বিআরবি ক্যাবলসসহ দেশের ২৭টি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









