‘দিল্লির শাসন কিংবা ভয় দেখিয়ে কোনো লাভ নেই’ মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, যারা দিল্লির ইশারায় বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাদের এ দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতেই চলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। মওদুদী প্রসঙ্গেও তিনি বিভিন্ন মন্তব্য করেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশনা মেনে মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মিনু বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









