ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখা, অতিরিক্ত মুনাফা ঠেকানো এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (৩ অক্টোবর) ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, বাসাবো বউ বাজার, নবাবগঞ্জ বাজারসহ ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় ডিমের বাজারদর পর্যবেক্ষণের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বাসাবো বউ বাজারে আইন অমান্য এবং অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে দুটি মামলা করা হয়েছে। এ সময় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওয়ার্ড-৪, অঞ্চল-২-এর বাসাবো বউ বাজারে অভিযান পরিচালনা করেন অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম। এ সময় ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয়ের রশিদ এবং মুনাফার পরিমাণ যাচাই করা হয়। পাশাপাশি অতিরিক্ত দামে ডিম বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানকালে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামালও সরিয়ে দেওয়া হয়।
এদিকে ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ডিমের বাজার পরিস্থিতি তদারকি করেন। তারা বাজারে ডিমের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দামে ডিম বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করেন।
অঞ্চল-৩-এর ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাজারে ডিমের দাম পর্যবেক্ষণে অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী।
এ ছাড়া অঞ্চল-৫-এর ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল মোল্লা।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









