রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বিডিনিউজ ২৪ ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের প্রতিনিধি মাইনুল ইসলাম রাজুসহ অন্তত চারজন সাংবাদিক গুরুতর আহত হন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি গণতান্ত্রিক দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জ্ঞানচর্চার মুক্ত পরিবেশে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। স্বাধীন সাংবাদিকতা ও মতামত প্রকাশের অধিকার রক্ষায় রাবি প্রশাসনকে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একই সাথে ক্যাম্পাস সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করেন কুবি প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের পাশে থাকার সংহতি প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









