প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরিতে কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা চলছে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো ইতিবাচকভাবে মোকাবিলা করা গেলে এ বিষয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য কীভাবে সহায়ক পরিবেশ তৈরি করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ ক্ষেত্রে আলাপ-আলোচনা ও সংলাপের পাশাপাশি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ এবং সম্পৃক্ততা প্রয়োজন। দুই দেশের মধ্যে সেই যোগাযোগ রয়েছে এবং আলোচনা চলছে।
তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততা অব্যাহত থাকায় এসব চ্যালেঞ্জ ইতিবাচকভাবে সমাধান করা সম্ভব হবে। এর মাধ্যমে একটি ফলাফল পাওয়া যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সফরকে কেন্দ্র করে শীর্ষ পর্যায়ের সংলাপের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ই শীর্ষ পর্যায়ের সংলাপ হবে। তবে তার আগে সরকারি ও কর্মকর্তা পর্যায়ে আলোচনা চালিয়ে সফরের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।
আগামী অক্টোবরে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান এবং ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ যথাসময়ে স্পষ্ট করা হবে।
নভেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন—ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের খবর বাংলাদেশ থেকেই নিতে হবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তিনি এ বিষয়ে ব্রিফিং করবেন এবং সাংবাদিকরাই সবার আগে সফরসংক্রান্ত তথ্য জানতে পারবেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে কোনো ইঙ্গিত রয়েছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের জন্য যা ভালো, সেটিই করা হবে। জাতীয় স্বার্থের জন্য যা ভালো, সরকার সেই পথেই এগোবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









