চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে এবং ঢাকায় বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল ও সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট জেলা শাখা।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের ওয়াজির আলী স্কুলের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি স্বপন বাগচীর সভাপতিত্বে ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম আসাদ ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব।
বক্তারা বলেন, সিপিবি কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন, ক্ষেতমজুর সমিতির নেতা মনিরুজ্জামান মিলন, বাসদ (মার্ক্সবাদী) নেত্রী সীমা দত্তসহ শতাধিক নেতাকর্মীদের ঢাকায় নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা চুক্তির স্বাক্ষর বিরোধী আন্দোলনের পুলিশ পিটিয়ে রক্তাক্ত করেছে। সরকারের পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে অতীতে ন্যায়সঙ্গত আন্দোলন দমানো যায়নি। চলমান চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলনে হামলা-মামলা ও দমন-পীড়ন-নারী নির্যাতন করে সাম্রাজ্যবাদী আমেরিকার স্বার্থ হাসিল করতে দেবে না এ দেশের দেশপ্রেমিক জনগণ।
নেতৃবৃন্দ আরও বলেন, হামলা-মামলা প্রতিরোধ করে কমিউনিস্ট-বামপন্থি ও গণতান্ত্রিক শক্তি প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আবারও সাম্রাজ্যবাদবিরোধী গণঅভ্যুত্থান ঘটিয়ে জনগণের বিজয় নিশ্চিত করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









