সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর আগুন ধরে যায় বলে জানিয়েছে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছে জোটটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন রিয়াদ বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এর এক দিন পর নতুন করে টার্মিনালে আঘাত ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার ঘটনার পর এ তথ্য জানানো হয়।
নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদ ও শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মধ্যে সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে শ্রীলঙ্কান এয়ারলাইনস। তবে দাম্মাম থেকে আসা-যাওয়ার ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে সংস্থাটি। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য পরিস্থিতি নিরাপদ বলে বিবেচিত হলে রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট পুনরায় চালু করা হবে।
অন্যদিকে, ইয়েমেনের হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনের দাবি, দেশটির সানা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত এক সপ্তাহে সৌদি আরবের একাধিক বিমানবন্দরে হুতিদের হামলার খবরের মধ্যে সানা বিমানবন্দরে হামলার এ তথ্য সামনে এল। এ ছাড়া হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় সাতটি বিমান হামলা চালানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









