ওয়েবসাইট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বহিরাগত প্রতিষ্ঠানের নির্ভরতা কমিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় নতুন ওয়েবসাইট চালু করেছে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিন, বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইসিটি উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগে ওয়েবসাইট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল বহিরাগত প্রতিষ্ঠান পিপীলিকাসফট। তবে ওয়েবসাইটের উন্নয়ন, প্রয়োজনীয় পরিবর্তন ও কারিগরি সহায়তা পেতে দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে নিজস্ব ব্যবস্থাপনায় নতুন ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়।
উপাচার্যের দিকনির্দেশনা ও রেজিস্ট্রারের নেতৃত্বে আইসিটি উইংয়ের সদস্যরা ওয়েবসাইটটি তৈরি করেন। এ কাজে সহকারী সফটওয়্যার প্রকৌশলী আসিফ ইকবাল তাঁর অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা কাজে লাগান। ওয়েবসাইট তৈরিতে রিয়েক্ট.জেএস ও লারাভেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
নতুন ওয়েবসাইটের নকশা, সোর্স কোড ও তথ্য ব্যবস্থাপনায় এখন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে তথ্য হালনাগাদ, প্রয়োজনীয় পরিবর্তন ও কারিগরি রক্ষণাবেক্ষণ দ্রুত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়; এটি প্রাতিষ্ঠানিক পরিচিতি, আন্তর্জাতিক যোগাযোগ এবং একাডেমিক ও প্রশাসনিক সেবা প্রদানের গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি উইং সফটওয়্যার সংযোজন, হার্ডওয়্যার মেরামত, নেটওয়ার্ক ও ব্যান্ডউইথ ব্যবস্থাপনা, সার্ভার এবং সিসিটিভি রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন প্রযুক্তিগত সেবাও দিয়ে আসছে।
ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ ও তথ্যসমৃদ্ধ রাখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় তথ্য, নোটিশ ও অন্যান্য বিষয় হালনাগাদে আইসিটি উইংকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। নতুন ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সেবার মানোন্নয়ন, তথ্যপ্রাপ্তি সহজ করা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









