ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা প্রতিবছর সরকারি-বেসরকারি কোন কোন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন, তার সঠিক চিত্র তুলে ধরতে পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) সভাকক্ষে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালায় এ উদ্যোগের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
আইকিউএসি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন উপাচার্য। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করলেও কর্মজীবনে তারা কোথায় ও কীভাবে যুক্ত হচ্ছেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে পর্যাপ্ত তথ্য নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি কর্ম কমিশনসহ (পিএসসি) বিভিন্ন ক্ষেত্রে তাদের কর্মসংস্থানের তথ্য সংগ্রহ করে ডেটাবেজ তৈরি করা হবে। এর মাধ্যমে চাকরির বাজারে শিক্ষার্থীদের অংশগ্রহণের চিত্র জানা যাবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব দক্ষ জনশক্তি তৈরি করা। তাই শুধু তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের বাস্তব ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।
এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক জোরদার, গবেষণা ও ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি এবং সরাসরি চাকরির সুযোগ সৃষ্টিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপাচার্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









