লালমনিরহাটের কালীগঞ্জে গুদামঘরের দখল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সরবি বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় বাধা দিতে গিয়ে এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার ভুল্যারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরবি বেগম হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের এলাহী বখসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুল্যারহাট বাজারের নুরুদ্দিন মিয়া একটি গুদামঘরে আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসায়িক হিসাব-নিকাশ ও গুদামঘরের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের বিরোধ চলছিল। এর মধ্যে নুরুদ্দিন গুদামঘরটি স্থানীয় শাহজালালের কাছে বিক্রি করেন। তবে ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি না হওয়ায় রাজু ও তার পরিবার গুদামঘরটির দখল ছাড়তে রাজি হননি। একপর্যায়ে রাজু তার ফুপু সরবি বেগমকে সেখানে থাকতে দেন।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার ভোরে প্রতিপক্ষের লোকজন গুদামঘরটির দখল নিতে গেলে সরবি বেগমকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গিয়ে এক নারী আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মওলা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









