সাভারে রাতে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ময়লার মোড় এলাকায় রাতে একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই স্থানে একসঙ্গে প্রায় ১৫-২০টি বাস রাখা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতাকারীরাই বাসটিতে আগুন দিয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, ‘‘দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। আমরা ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









