জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা বাড়াতে ‘এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এ কর্মশালা শুরু হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং বিডিরেনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এই কর্মশালার আয়োজন করে।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
বিষয়টিকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘‘তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার আমাদের শিখতে হবে। উপযুক্ত সময়ে উপযুক্তভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আগে আমরা যে কাজ ১০ দিনে করতাম, তথ্যপ্রযুক্তির কল্যাণে তা এখন ১০ মিনিটে করা যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রযুক্তিকে আমাদের স্বাগত জানাতেই হবে।’’
বিডিরেনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করে উপাচার্য আরও বলেন, ‘‘বিডিরেন আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, গবেষণা, নেটওয়ার্কিং ও ভার্চ্যুয়াল ক্লাসরুমসহ নানা কার্যক্রমে সহযোগিতা করে আসছে। এই কর্মশালার মাধ্যমে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। আগামী দিনেও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আহ্বান জানাই।’’
হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিরেনের সিস্টেম ও সার্ভিসের জেনারেল ম্যানেজার কে এইচ রাশেদুল আরেফিন।
এ ছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং বিডিরেনের মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আল হোসেন ও আবু নাসের মো. নাফিউ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









