জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ বন্ধ করে এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রতিযোগিতায় চীনের কাছে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ছেড়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় পরাজিত হিসেবে নিজেকেই প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিভিন্ন কর্মসূচি বাতিল করায় ট্রাম্পের সমালোচনা করেন কেরি।
চলতি সপ্তাহের সোমবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের প্রায় সব দেশ প্রতিনিধি পাঠালেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হয়নি।
জলবায়ুবিজ্ঞানের সমালোচনা করে আসা ট্রাম্প সম্প্রতি পরিচ্ছন্ন জ্বালানির বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। সোমবার নতুন জ্বালানি প্রকল্প নির্মাণ সহজ করার সম্ভাব্য আইন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বায়ুবিদ্যুৎকেন্দ্র অনুমোদন করবেন না। কারণ, তার মতে, বায়ুবিদ্যুৎ একটি বড় ব্যর্থতা।
ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জন কেরি বলেন, প্রথমেই ট্রাম্পের সামনে একটি বড় আয়না ধরতে হবে, যাতে তিনি নিজের দিকে তাকাতে পারেন। কারণ, সাম্প্রতিক সময়ে তার মতো বড় পরাজিত আর দেখা যায়নি।
কেরি বলেন, ট্রাম্প মূল বিষয়টি বুঝতে পারছেন না। চীনের সঙ্গে প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের নিজস্ব বাজার এবং পরিচ্ছন্ন জ্বালানির পণ্য উৎপাদনের সম্ভাবনা—কোনোটিই তিনি বিবেচনায় নিচ্ছেন না। অথচ এসব পণ্যের সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হতে পারত যুক্তরাষ্ট্র।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় পরিচ্ছন্ন জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে কর ছাড়সহ বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল পরিচ্ছন্ন প্রযুক্তির বাজারে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেওয়া। কারণ, এ খাতে চীন ইতিমধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
তবে পরে রিপাবলিকানরা এসব উদ্যোগের বেশির ভাগ সহায়তা বাতিল করে। অন্যদিকে ট্রাম্প বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন এবং লোকসানে থাকা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র টিকিয়ে রাখতে সরকারি অর্থ ব্যয় করছেন। কয়লা জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি দূষণকারী। এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ।
ট্রাম্পের নীতির সমালোচনা করে কেরি বলেন, চীনকে পেছনে ফেলে বিভিন্ন খাতে বিশ্বের এক নম্বর হওয়ার কথা বললেও ট্রাম্প কার্যত প্রতিযোগিতার ময়দান থেকেই যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। অর্থনীতির একটি পুরো খাতকে বাধাগ্রস্ত করে কোনো দেশ শীর্ষ অবস্থানে যেতে পারে না।
২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন জন কেরি। তিনি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশকে পরিচ্ছন্ন জ্বালানির ক্ষেত্রে চীনের অগ্রগতি অনুসরণের আহ্বান জানিয়ে আসছেন।
বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ায় নতুন করে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন কিছুটা কমেছে। গত বছর বিশ্বে কার্বন নিঃসরণও সামান্য কমেছে। তবে ভয়াবহ জলবায়ু বিপর্যয় এড়াতে নিঃসরণ আরও অনেক বেশি কমাতে হবে।
সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। জলবায়ু সংকটের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি হলেও এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে আন্তর্জাতিক আলোচনায় ধীরগতির কারণে ক্ষোভ বাড়ছে পরিবেশকর্মীদের মধ্যে।
মঙ্গলবার সম্মেলনে যোগ দিতে আনতালিয়ায় পৌঁছান সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, জলবায়ু সম্মেলনগুলো এখন পরিবেশবান্ধব ভাবমূর্তি তৈরির প্রদর্শনীতে পরিণত হয়েছে।
জন কেরি স্বীকার করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক আলোচনার অগ্রগতি ধীর। এ বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে রাজনীতিবিদদের আরও কার্যকরভাবে কথা বলা প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে জলবায়ু সংকট সরাসরি প্রধান ইস্যু না হলেও জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে এ উদ্বেগের সম্পর্ক ছিল বলে মনে করেন তিনি।
কেরির মতে, মধ্যবর্তী নির্বাচনে জয়ী ডেমোক্রেটিক পার্টির অনেক প্রার্থী ভবিষ্যতে জলবায়ু সংকটকে তাদের নির্বাচনী অগ্রাধিকারের তালিকায় রাখবেন। নির্বাচনের বিভিন্ন বিশ্লেষণেও দেখা গেছে, ভোটারদের সিদ্ধান্তে জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করেছে।
এদিকে হোয়াইট হাউস কপ৩১ সম্মেলনের সমালোচনা করেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, জলবায়ু সম্মেলন বাস্তবতাকে অস্বীকার করছে। কারণ, উগ্র জলবায়ু নীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—এ বিষয়টি সম্মেলনে স্বীকার করা হচ্ছে না। তিনি নিশ্চিত করেছেন, ট্রাম্প প্রশাসন সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠাবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








