ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড এনায়েতপুর মুন্সী বাড়ির বাসিন্দা।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে ফেরার সময় সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে গেলে হঠাৎ তার বুকে ব্যথা ওঠে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। পুলিশ নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








