বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘‘বিষয়টি তদারকির জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘‘বগুড়ার সঙ্গে সাংবাদিকতার দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্পর্ক রয়েছে। এ অঞ্চলের সাংবাদিকতার ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর অনুরোধ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।’’
বগুড়া প্রেস ক্লাবের উন্নয়ন প্রসঙ্গে আতিকুর রহমান রুমন বলেন, ‘‘তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান বগুড়া প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপর দীর্ঘ ১৭ বছর ভবনটির তেমন কোনো উন্নয়ন হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী নিজেই প্রেস ক্লাব ভবনটির উদ্বোধন করেছেন।’’
তিনি বগুড়ার সামগ্রিক উন্নয়নে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এলাকার উন্নয়নে স্থানীয়দের দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরারও পরামর্শ দেন তিনি।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন সাংবাদিককে সম্মাননা স্মারক দেওয়া হয়। তাদের মধ্যে আটজনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








