তাইওয়ানকে চীনের সঙ্গে পুনরেকত্রীকরণ করতেই হবে এবং ইতিহাসের এই গতিপথ কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেইজিংয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শি। সেখানে তিনি বলেন, তাইওয়ান ইস্যুর সমাধান চীনের কমিউনিস্ট পার্টির একটি অবিচল ঐতিহাসিক দায়িত্ব।
শি জিনপিং বলেন, ‘‘ইতিহাসের গতিপথ থামানো যায় না। মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তা বাস্তবায়িত হবেই।’’
তিনি আরও বলেন, চীন শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে বিশ্বাসী। ‘এক চীন’ নীতির ভিত্তিতে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতেও বেইজিং প্রস্তুত।
চীনা প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, তাইওয়ানসহ সব চীনা নাগরিকের উচিত বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করা এবং দুই প্রান্তের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করা।
তাইওয়ানের আপত্তি
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তবে গণতান্ত্রিকভাবে পরিচালিত দ্বীপটির সরকার বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে।
চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানের জন্য ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেলের প্রস্তাব দিয়ে আসছে। তবে তাইওয়ানের কোনো প্রধান রাজনৈতিক দলই এই প্রস্তাব সমর্থন করে না।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বরাবরই বলে আসছেন, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল তাইওয়ানের জনগণের।
এদিকে চীনের মূল ভূখণ্ডবিষয়ক কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মেনে নেওয়ার অর্থ হবে চীনা কমিউনিস্ট পার্টির শাসনের কাছে আত্মসমর্পণ। শি জিনপিংয়ের বক্তব্যকে বেইজিংয়ের দীর্ঘদিনের অবস্থানের পুনরাবৃত্তি হিসেবেও দেখছে তাইপে।
তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা
শি জিনপিংয়ের বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের কথা উল্লেখ করা হয়নি। তবে তাইওয়ানকে নিজেদের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথ পুরোপুরি পরিত্যাগ করেনি চীন।
দ্বীপটির আশপাশে চীনা সামরিক বাহিনীর তৎপরতা প্রায় প্রতিদিনই দেখা যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বীপটির চারপাশে চীনের ২৯টি সামরিক বিমান ও যুদ্ধজাহাজের তৎপরতার কথা জানিয়েছে।
এদিকে গত মাসে সান ইয়াত-সেনের জন্মবার্ষিকী উপলক্ষে চীনের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান থেকে দূরে থাকার জন্য নিজেদের নাগরিকদের সতর্ক করেছিল তাইওয়ান। বেইজিং সান ইয়াত-সেনের রাজনৈতিক উত্তরাধিকারকে বিকৃতভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছিল তাইপে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শির বার্তা
চীনের প্রেসিডেন্টের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে শি জিনপিংয়ের।
এ ছাড়া তাইওয়ানে গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনও সামনে রয়েছে। ফলে তাইওয়ান প্রশ্নে শির এই বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে নতুন করে গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, সান ইয়াত-সেনকে চীন ও তাইওয়ান উভয় পক্ষই নিজেদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করে। চীনের কাছে তিনি জাতীয় বীর ও বিপ্লবী নেতা। অন্যদিকে তাইওয়ানে তাকে আনুষ্ঠানিকভাবে ‘জাতির জনক’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
তাইওয়ান প্রশ্নে বেইজিংয়ের অবস্থান ও তাইপের বিরোধিতার মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








