কক্সবাজারের কলাতলী পর্যটন জোনের কক্স এম্বাসেডর নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হোটেলটিতে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুনের খবর ছড়িয়ে পড়লে হোটেলের অতিথি, আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অনেকে হোটেল ছেড়ে সড়কে অবস্থান নেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, প্রাথমিকভাবে হোটেলের অষ্টম তলার একটি কক্ষে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পর্যটন জোন ও আশপাশের এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-মোটেলসহ পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লেগে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পর্যটকদের নিরাপত্তায় হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ, অগ্নিসংকেত ব্যবস্থা ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা জরুরি।
কক্সবাজার চেম্বার অব কমার্সের উপদেষ্টা আবেদ আহসান সাগর বলেন, এভাবে অগ্নিকাণ্ড ঘটতে থাকলে পর্যটন জোনে আতঙ্ক তৈরি হবে। পর্যটনশিল্পের স্বার্থে আবাসিক হোটেলসহ সব পর্যটন স্থাপনায় কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








