টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে দুই অটোরিকশাচালকের মধ্যে ওভারটেক করাকে কেন্দ্র করে বিরোধের জেরে ট্রাকচাপায় আসাদুল (২৭) নামে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে এক চালকের ধাক্কায় আসাদুল ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় একটি চলন্ত ট্রাক তাঁর বুকের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান বলেন, "নিহতের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা জব্দ করতে আমাদের টিম কাজ করছে। বাকি বিষয় তদন্তের পর জানা যাবে।"
নিহত আসাদুল টাঙ্গাইলের সন্তোষ এলাকার বালুচড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









