প্রতিবছর বাংলাদেশে ৩১ লাখের বেশি মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক। তিনি বলেন, ‘‘সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রোড ক্র্যাশের কারণ অনুসন্ধান, কার্যকর তদন্ত এবং দুর্ঘটনাপরবর্তী জরুরি সেবা নিশ্চিত করা জরুরি।’’
রবিবার (১৫ নভেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইনজামুল হক বলেন, ‘‘২০০৫ সালে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার পর থেকে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালন করা হচ্ছে। তবে বাংলাদেশে দিবসটি এখনো রাষ্ট্রীয়ভাবে যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা হয় না। বিশ্বের বিভিন্ন দেশে রোড ক্র্যাশের পর দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করা হলেও বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে আলোচিত বা ভাইরাল হওয়া ঘটনা ছাড়া কার্যকর তদন্তের উদ্যোগ দেখা যায় না। রোড ক্র্যাশ প্রতিরোধে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।’’
আন্তর্জাতিক রোড সেফটি বিশেষজ্ঞ তাইফুর রহমান বলেন, ‘‘সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন করা প্রয়োজন। বিশেষ করে রোড ক্র্যাশের পর দ্রুত উদ্ধার কার্যক্রম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’’
সভায় মুখ্য আলোচক হিসেবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, ‘‘সড়ক নিরাপত্তা অর্জনে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এসব ঘাটতি পূরণে বেসরকারি সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।’’
নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মশিউর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) উপনির্বাহী পরিচালক ড. সেলিম মাহমুদ, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) মহাসচিব লিটন এরশাদ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, ডিটিসিএর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান, ভয়েস অব রিফর্মের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার মিঠুন রহমান এবং ভেহিকল ফর রোড সেফটির মুখপাত্র মো. দিদারুল ইসলাম।
আলোচনা সভায় রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা, ভোগান্তি এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোড ক্র্যাশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ সহায়তা, ন্যায়বিচার এবং পুনর্বাসনের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








