ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন শাকিব খান। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই শিরোনামে থাকেন তিনি।
অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনার অন্ত নেই। তবে এই দুই অভিনেত্রীর বাইরেও শাকিবের জীবনে নাকি ছিলেন এক বিশেষ মানুষ। একসময় তাকেই জীবনসঙ্গী করার স্বপ্ন দেখেছিলেন এই তারকা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের অতীত প্রেমের কথা বলতে গিয়ে সেই সম্পর্কের স্মৃতিচারণ করেছেন শাকিব। যেখানে তার ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় সামনে আসে।
জানা যায়, অভিনয়জীবনে পা রাখার কয়েক বছর পর শাকিবের এই সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও প্রাক্তন সেই প্রেমিকার নাম প্রকাশ্যে আনেননি তিনি। সেই প্রেমিকা যদিও বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন না। ঢাকার এক প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে ছিলেন তিনি। শাকিবের ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু ও সহকর্মীও তাদের সম্পর্কের কথা জানতেন।
পুরনো সম্পর্কের কথা স্বীকার করে শাকিব জানান, ওই তরুণীকে বিয়ে করে সংসার পাতার ইচ্ছাও ছিল তার। সেই প্রেমিকার পরিবার এবং ব্যক্তিত্বের প্রশংসা করে অভিনেতা বলেন, “মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।”
শেষপর্যন্ত পূর্ণতা পায়নি শাকিবের সেই প্রেম। নানা অভিমান এবং পরিস্থিতির চাপে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় দু’জনের মধ্যে। বিচ্ছেদের জন্য তার মনে কিছুটা আক্ষেপও রয়েছে এখনও।
তবে অভিনেতা জানান, সেই প্রেমিকার কথা তিনি ভোলেননি। মাঝেমধ্যেই তার কথা মনে পড়লেও, বর্তমানে দু’জনের মধ্যে কোনও যোগাযোগ নেই।
উল্লেখ্য, বেশ কিছু বছর প্রেমের পরে ২০০৮ সালে অপুর সঙ্গে গোপনে বিয়ে করেন তিনি। দু’জনের একটি সন্তানও রয়েছে। ২০১৮-তে বিবাহবিচ্ছেদ হয় অপু-শাকিবের। এর পর বুবলীকে বিয়ে করেন অভিনেতা। যদিও এই বিয়েও তারা প্রথমে সকলের আড়ালে রাখেন। বুবলী ও শাকিব এখন দুই সন্তানের মা-বাবা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








