বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফির বিরুদ্ধে। এ ঘটনায় আহত এক কর্মচারীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রাফি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে হলের অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত দুই কর্মচারী হলেন—হলের এমএলএসএস মো. ময়নুল ইসলাম এবং সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাফির একটি অফলাইন অ্যাডমিট কার্ড বৃহস্পতিবার হল প্রভোস্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয়। তবে রোববার পর্যন্ত কার্ডটি সংশ্লিষ্ট বিভাগে না পৌঁছানোয় কর্মচারীদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ময়নুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার বর্ণনায় মারুফুর রহমান বলেন, তারা দুজন দাপ্তরিক কাজ করার সময় রাফি হঠাৎ ময়নুলের ওপর চড়াও হয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ঘুষি মারেন। ময়নুলকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন রাফি বলেন, হলের কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। তার অ্যাডমিট কার্ড প্রভোস্টের স্বাক্ষরের পরও বিভাগে পাঠানো হয়নি। এ বিষয়ে জবাবদিহি চাইতে তিনি অন্য শিক্ষার্থীদের সঙ্গে হলে গিয়েছিলেন। তার দাবি, সেখানে কোনো মারামারি বা হাতাহাতির ঘটনা ঘটেনি। হল প্রভোস্ট ও সাধারণ শিক্ষার্থীরা বিষয়টির প্রত্যক্ষদর্শী।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার বলেন, আহত কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। হল প্রভোস্টকে তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করে প্রশাসনকে জানাতে বলা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশিদ বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যকে জানানো হয়েছে। হলের পক্ষ থেকে পরদিন সভা ডেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারী লিখিত অভিযোগ দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








