হলিউডের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। ‘ইন্ডিয়ানা জোন্স’ ও ‘ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে নিজের পরিচালিত একটি সিনেমার জন্য এখনো অনুশোচনা করেন এই নির্মাতা। সিনেমাটি যেমন তার ক্যারিয়ারে নতুন উচ্চতা এনে দিয়েছিল, তেমনি বাস্তব জগতেও ফেলেছিল নেতিবাচক প্রভাব।
সিনেমাটির নাম ‘জস’। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে দেখানো হয়, অ্যামিটি নামের একটি কাল্পনিক দ্বীপে বিশাল এক হাঙস মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। মুক্তির পর সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে এর প্রভাবে মানুষের মধ্যে হাঙর নিয়ে ভয় বেড়ে যায়। পাশাপাশি খেলাচ্ছলে মাছ ধরার নামে হাঙর শিকারের প্রবণতাও বাড়তে থাকে।
বিবিসি রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অনুশোচনার কথা জানান স্পিলবার্গ। তিনি বলেন, ‘বই ও সিনেমাটির কারণে হাঙরের সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ার বিষয়টি নিয়ে আমি এখনো অনুতপ্ত। এ জন্য আমি সত্যিই দুঃখিত।’
স্পিলবার্গ আরও জানান, হাঙর নিয়ে তার নিজের মধ্যেও একধরনের ভয় তৈরি হয়েছে। তবে পানিতে হাঙরের মুখোমুখি হওয়ার ভয় নয়, বরং হাঙরগুলো তার ওপর প্রতিশোধ নিতে পারে—এমন ভাবনা থেকেই এই ভয় তৈরি হয়েছে বলে মজা করে উল্লেখ করেন তিনি।
শুধু নেতিবাচক প্রভাব নয়
‘জস’ সিনেমার মূল উপন্যাসের লেখক পিটার বেঞ্চলিও পরবর্তী সময়ে হাঙর সম্পর্কে নিজের তৈরি করা ধারণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার ভাষ্য ছিল, হাঙর সাধারণত মানুষকে আক্রমণ করে না, আর তারা প্রতিশোধপরায়ণও নয়। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হাঙর সংরক্ষণের কাজেও যুক্ত হন।

সিনেমাটির প্রভাব পুরোপুরি নেতিবাচক ছিল না। বরং এটি সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণায় আগ্রহী অনেক তরুণকে অনুপ্রাণিত করেছিল। ভবিষ্যতের সামুদ্রিক গবেষক নিল হ্যামারশ্ল্যাগ ও গ্রেগ স্কোমালের মতো ব্যক্তিরাও হাঙর নিয়ে গবেষণায় আগ্রহী হন এই সিনেমা দেখে।
ফলে যে সিনেমা একসময় হাঙর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল, সেটিই আবার একদল গবেষককে এই প্রাণী সম্পর্কে জানতে ও তাদের সংরক্ষণে কাজ করতে অনুপ্রাণিত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








