‘আজকের কাব, আগামী দিনের নেতৃত্ব’ স্লোগানে ময়মনসিংহে সপ্তম জেলা কাব ক্যাম্পুরী-২০২৬ শুরু হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের সুনাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পুরী চলবে পাঁচ দিন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর লেডিস ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরীর উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, স্কাউটিং একটি আন্দোলন। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে দেশের দুর্যোগ ও প্রয়োজনে মানুষের সেবা এবং নিরাপত্তায় ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউট কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সহসভাপতি আসাদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ক্যাম্পুরীর সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম এবং আঞ্চলিক স্কাউট কমিশনার মো. নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, শিক্ষা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে স্কাউট শিক্ষার্থীদের আগামীর রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ ক্যাম্পুরীতে শিক্ষার্থীদের ১০টি চ্যালেঞ্জ মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিশুদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, স্কাউট শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নজর রয়েছে। সম্প্রতি দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমেও স্কাউটদের সম্পৃক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ১৫ নভেম্বর শুরু হওয়া এ ক্যাম্পুরী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এতে জেলার ১৪টি উপজেলার ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের টিম লিডারসহ মোট ৫৯৫ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নিচ্ছে। তারা ৭০টি তাঁবুতে টানা পাঁচ দিন-রাত অবস্থান করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








