সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। সকাল থেকে জেলার সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক ছিল।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি এসব কথা বলেন।
তিনি জানান, জেলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের পাশাপাশি অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে নিরাপত্তা তদারকি করছেন। গোপালগঞ্জ অংশের ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিং জোরদার করা হয়েছে।
ডিআইজি বলেন, রবিবারের ঘটনার আইনগত প্রক্রিয়া ও মামলার কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না; সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলোতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। বিগত দুই দিনের তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক সন্তোষজনক বলেও দাবি করেন তিনি। এ সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোপালগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও বিজিবি যৌথভাবে কাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ এবং ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
উল্লেখ, এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার গোপালগঞ্জে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাদের বাড়িঘর এবং গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পুনরায় সরকারি বঙ্গবন্ধু কলেজ নামকরণ এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর রাতেই গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। একই সঙ্গে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








