ইউক্রেনে চলতি শীতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন ৩৮টি দেশের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় ও আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা সংস্থাগুলো এ উদ্বেগ জানায়।
রয়টার্সের হাতে আসা বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং দেশটির জ্বালানি অবকাঠামোয় অব্যাহত হামলার কারণে পারমাণবিক নিরাপত্তার ঝুঁকি ক্রমেই বাড়ছে। রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন লাইন ও উপকেন্দ্রগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের কারণে এমনিতেই ইউক্রেনের বিদ্যুৎব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধান উদ্বেগ হলো, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না থাকলে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে পারমাণবিক জ্বালানি ঠান্ডা রাখা কঠিন হয়ে পড়বে। এতে চুল্লি অতিরিক্ত উত্তপ্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনায় এমন ঘটনা ঘটেছিল, যা বিশ্বের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক দুর্ঘটনা হিসেবে পরিচিত।
ওই দুর্ঘটনায় ছড়িয়ে পড়া আয়োডিন-১৩১, সিজিয়াম-১৩৪ ও সিজিয়াম-১৩৭ ইউক্রেন, বেলারুশ, রাশিয়া এবং উত্তর ও মধ্য ইউরোপের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল।
এই সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় বিকিরণ সুরক্ষা কর্তৃপক্ষের প্রধানদের সংগঠন হারকা, পশ্চিম ইউরোপীয় পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার সংগঠন ওয়েনরা এবং নর্ডিক বিকিরণ নিরাপত্তা কর্তৃপক্ষের প্রধানদের সংগঠন নোরা। এসব সংস্থা ইউরোপীয় ইউনিয়নের সব দেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ মোট ৩৮টি দেশের প্রতিনিধিত্ব করে।
শীতেই সবচেয়ে বেশি ঝুঁকি
হারকা ও নোরার প্রধান পার স্ট্র্যান্ড এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার হামলা আরও প্রাণঘাতী হয়ে উঠেছে। এখন বড় বিস্ফোরক বহনে সক্ষম এবং লক্ষ্যবস্তুতে আরও নিখুঁতভাবে আঘাত হানতে পারে—এমন ড্রোন ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, রাশিয়ার নতুন এই কৌশলের কারণে চলতি শীতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে, যদি ইউক্রেনের জাতীয় বিদ্যুৎব্যবস্থা পুরোপুরি অচল হয়ে যায়। এতে দেশটির বিদ্যুৎ উৎপাদনে থাকা নয়টি পারমাণবিক চুল্লি একসঙ্গে বিদ্যুৎ সরবরাহের সংকটে পড়তে পারে।
পার স্ট্র্যান্ড বলেন, একই সময়ে নয়টি চুল্লি থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে।
তবে এখনই পদক্ষেপ নিলে এ পরিস্থিতি এড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। এ জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করে দেশটির বিদ্যুৎ অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে। অন্যথায় সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার পরিণতি মোকাবিলায় ইউরোপের দেশগুলোকে একসঙ্গে জরুরি প্রস্তুতি নিতে হবে।

চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থা
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) গত শনিবার জানিয়েছে, আগের সপ্তাহে সামরিক তৎপরতার কারণে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরি হয়। এর ফলে দেশটির কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চালু ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কমাতে হয়েছে।
ইউক্রেনে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এর মধ্যে তিনটি বর্তমানে চালু আছে। চলতি শীতে দেশটির ব্যবহৃত মোট বিদ্যুতের প্রায় ৮০ শতাংশ এসব কেন্দ্র থেকে সরবরাহ করা হচ্ছে। চতুর্থ কেন্দ্রটি হলো ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং যুদ্ধের সম্মুখসারির কাছাকাছি এলাকায় অবস্থিত।

কেন্দ্রটি বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করছে না। তবে পারমাণবিক জ্বালানি ঠান্ডা রাখা এবং চুল্লিতে দুর্ঘটনা এড়াতে এর বাইরের উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। ইউক্রেনের বিদ্যুৎব্যবস্থা থেকেই এই বিদ্যুৎ সরবরাহ করা হয়।
আইএইএর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে জাপোরিঝঝিয়া কেন্দ্রটি ২৭ বার বাইরের বিদ্যুৎ সরবরাহ হারিয়েছে। প্রতিবারই জরুরি ডিজেলচালিত জেনারেটরের সাহায্য নিতে হয়েছে। গত মার্চের শেষ দিক থেকে কেন্দ্রটি মাত্র একটি বাইরের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর নির্ভরশীল।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা এবং এর বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করে আসছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








