ডিসেম্বরকে ঘিরে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত দিয়ে পলাতক আসামিদের যাতায়াত ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে টহল, গোয়েন্দা নজরদারি ও জনবল বাড়ানোর পাশাপাশি নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে বিজিবির টহল কার্যক্রম পরিদর্শন শেষে এসব তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।
তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তার স্বার্থে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরা যাতে সীমান্ত ব্যবহার করে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়েও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
এ লক্ষ্যে প্রতিটি বর্ডার আউটপোস্টকে (বিওপি) সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক দায়িত্ব পালনরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








