চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ১৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া পথেরহাটে মোহাম্মদ সাইফুদ্দিন মুরাদ (৪৮) নামের এক ব্যাবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় সাব্বির হাসান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
রাউজান থানা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। ব্যবসায়ী মুরাদের চাচা টিবলুর কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করে সাব্বির সেখানে ঘর নির্মাণ করতে গেলে মুরাদের পরিবারের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
পাশাপাশি, বিগত সরকারের আমলে সাব্বিরের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে প্রচারণা চালিয়ে আসছিল। ঘটনার দিন বিষয়টি নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে মানিক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে সাব্বির গত ১৪ নভেম্বর সন্ধ্যা সোয়া সাতটার দিকে নোয়াপাড়া পথেরহাটে আমির মার্কেটে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।
গত ১৫ নভেম্বর দুপুরে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছে ১টি দেশীয় এলজি, ১টি রিভলবার ও ২টি কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকায় তার বসতবাড়ির রান্নাঘরের সানসেটে আরও ১টি দেশীয় তৈরি এলজি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি ছোট ছোরা এবং ২টি টিপ চাকু উদ্ধার করা হয়।
আসামি সাব্বির পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, উদ্ধারকৃত টিপ চাকুর একটি দিয়ে সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করেছিল সে।
এই ঘটনায় ২টি দেশীয় এলজি, ১টি দেশীয় রিভলবার, ৭টি কার্তুজ, ২টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি ছোট ছোরা ও ২টি টিপ চাকু উদ্ধার করা হয়।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘গ্রেপ্তারকৃত সাব্বিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’’ গ্রেপ্তার সাব্বির হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে বলে জানান ওসি।
ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত সাইফুদ্দিন মুরাদ বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








