গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ক্যাম্পাসের ভেতরে এমন কর্মসূচি পালনের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা প্রশাসনিক ভবনের পাশ দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে মিছিল শেষ করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মিছিলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আনসার সদস্যদের ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান সৌরভ বলেন, ‘‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতিতে সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন। আমরা উপরমহল থেকে যতটুকু তথ্য পেয়েছি, তাতে ক্যাম্পাসে হামলার আশঙ্কা নেই। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আলোচনা করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








