স্বামীর ভাগ কাউকে দিতে চান না—এমন ধারণাই প্রচলিত। তবে সেই ধারণার ব্যতিক্রম ঘটিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মুসিয়ারা রিয়া। স্বামীর দ্বিতীয় বিয়ের পর সতীন মরিয়ম আক্তারকে সাদরে ঘরে তুলে নিয়েছেন তিনি। এখন ব্যবসায়ী আশরাফুল ইসলাম আকাশকে নিয়ে একই ছাদের নিচে মিলেমিশে সংসার করছেন দুই স্ত্রী।
পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম আকাশের প্রথম বিয়ে হয়েছিল প্রায় ১১ বছর আগে। দীর্ঘদিন সংসারের পর বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। সে সময় সাবেক স্ত্রী তাকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, সাহস থাকলে যেন কোনো অবিবাহিত মেয়েকে বিয়ে করে দেখান। সেই জেদ থেকেই নতুন সংসার গড়ার সিদ্ধান্ত নেন আকাশ।
পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মুসিয়ারা রিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের প্রায় দুই বছর পর মরিয়ম আক্তার নামে আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আকাশের। একপর্যায়ে তাকে গোপনে বিয়ে করেন তিনি। পরে মরিয়মকে বাড়িতে নিয়ে এলে প্রথম স্ত্রী রিয়া কষ্ট পেলেও দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সংসার করছেন আকাশ।
বৈরচুনা বাজারে কসমেটিকসের দোকান চালান আশরাফুল ইসলাম আকাশ। তিনি জানান, দুই স্ত্রীকে নিয়ে ভালো আছেন। কখনো বড় স্ত্রী, কখনো ছোট স্ত্রী তার সঙ্গে দোকানে বা বিভিন্ন কাজে থাকেন। দুই স্ত্রীর ঘরে তার একটি করে সন্তান রয়েছে—বড় স্ত্রীর ঘরে মেয়ে এবং ছোট স্ত্রীর ঘরে ছেলে।
মুসিয়ারা রিয়া বলেন, আকাশের সঙ্গে প্রেমের সময় জানতেন তার আগের সংসার ভেঙে গেছে। বিয়ের পর মরিয়মকে ঘরে আনার দিন খুব কষ্ট পেয়েছিলেন, কান্নাও করেছিলেন। তবে পরে সব মেনে নিয়েছেন। এখন তাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ নেই। একসঙ্গে রান্না, খাওয়াদাওয়া ও ঘোরাফেরা করেন। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতায় তাদের সংসার চলছে।
ছোট স্ত্রী মরিয়ম আক্তার জানান, আকাশ বিবাহিত জেনেই তাকে ভালোবেসে বিয়ে করেছেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। দুই সতীন একই বাড়িতে মিলেমিশে থাকেন এবং রান্নাবান্নাসহ সংসারের কাজ ভাগাভাগি করে করেন।
সতীনের সংসার মানেই দ্বন্দ্ব-কলহ—সমাজের এমন প্রচলিত ধারণার বাইরে গিয়ে পীরগঞ্জের এই পরিবার তৈরি করেছে ব্যতিক্রমী এক গল্প। দুই স্ত্রীকে নিয়ে আকাশের সংসার এখন স্থানীয়দের আলোচনার বিষয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








