মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ছয় বছর কারাভোগ করতে হয়েছে। পরে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে। এখন তারা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও খুনের পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায়। বাংলাদেশকে বুকে ধারণ করে দেশ গঠন ও মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বাধা দেবে, তাদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাধা দিতে পারবে না।
এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








