ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। এ ঘটনার দায়ভার কেউ নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্যা হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন। জেলা কৃষকদল ও মহানগর কৃষকদল এ কর্মসূচির আয়োজন করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচার দাবি করেন নেতাকর্মীরা।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিবরিয়া স্বপন অভিযোগ করেন, গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত ও আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো, বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষকদল নেতা এবং নড়াইলে আরও দুজনকে হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘ফরিদপুরে যদি কোনো গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।’
মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ অন্য নেতারা।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত হন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি। একই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি মাইক্রোবাস ভাঙচুর এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








