পাবনায় পৃথক ঘটনায় সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল বিস্ফোরণ ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ও বুধবার রাতে এসব ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা পাবনা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল নিক্ষেপ করে। এতে কনফারেন্স রুমের একটি থাই গ্লাস ভেঙে যায় এবং ভেতরে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কক্ষের কিছু আসবাবপত্র পুড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে কনফারেন্স রুম পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা আগুনে পোড়া আসবাবপত্র ও ভাঙা কাচ দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, রাতের কোনো একসময় নিরাপত্তাপ্রহরীদের অগোচরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, সুজানগর উপজেলার নাজিরগঞ্জে রাতে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফোর আলী বাসে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা নেওয়া হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








