বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘Grant Proposal Development and Research Funding’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ৩য় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী উপাচার্য বলেন, ‘‘কর্মশালা থেকে অর্জিত ব্যবহারিক জ্ঞান ও কৌশল শিক্ষকদের বাস্তব জীবনে ও একাডেমিক গবেষণায় কাজে লাগাতে হবে।’’ শুধু প্রশিক্ষণে সীমাবদ্ধ না থেকে প্রতিটি বিভাগ থেকে মানসম্মত ও যুগোপযোগী গবেষণা প্রকল্প প্রস্তাবনা তৈরি করে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
উপাচার্য আরও বলেন, ‘‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর এবং যেকোনো উদ্ভাবনী ও মৌলিক গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।’’
বেরোবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ। এতে গবেষণা প্রস্তাবনা তৈরির কৌশল, ফান্ডিং উৎস অনুসন্ধান এবং অনুদান প্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রাকিব এবং ড. মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








