শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদুল ফিতর ঘিরে জবি শিক্ষার্থীদের অনুভূতি ও প্রত্যাশা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

ঈদুল ফিতর ঘিরে জবি শিক্ষার্থীদের অনুভূতি ও প্রত্যাশা

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, তাই সবার মাঝেই ঈদের আনন্দ ঘিরে প্রস্তুতি চলছে। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম বিশ্বে বয়ে আনে পবিত্রতা, আনন্দ ও আত্মতৃপ্তির বার্তা। রমজানের ইবাদত ও ত্যাগের প্রতিদান হিসেবে এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। এবারের ঈদকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুভূতি ও ভাবনা তুলে ধরেছেন মোহাম্মদ মোস্তাকিম।

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’
কাজী নজরুল ইসলামের এই অমর গানের সুরেই বাঙালি মুসলমানের হৃদয়ে ঈদের আনন্দ জেগে ওঠে। এক মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আসে আনন্দ ও আত্মতৃপ্তির বার্তা নিয়ে। ইসলামের ইতিহাস অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মুসলমানদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহা—এই দুটি উৎসব নির্ধারণ করেন।

ঈদের আসল সৌন্দর্য শুধু নতুন পোশাক বা খাবারে নয়, বরং মানবতা ও ভাগাভাগির আনন্দে। ফিতরা ও যাকাতের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত চেতনা। একই সঙ্গে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, কবর জিয়ারত এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসবমুখর পরিবেশ ঈদকে আরও প্রাণবন্ত করে তোলে।

তবে বিশ্বের সব মুসলমানের ঈদ সমান আনন্দময় নয়—যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের কষ্ট আমাদের আরও মানবিক হতে শেখায়। তাই ঈদের মূল শিক্ষা হলো নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া এবং মানবতার বন্ধনকে শক্তিশালী করা।
তাশরিফা পুষ্পিতা রশনি, ইতিহাস বিভাগ, জবি

ঈদ হয়ে উঠুক মিলনমেলার এক মহোৎসব
পবিত্রতা, সংযম ও ত্যাগের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছিল মাহে রমজান। রহমত, নাজাত ও মাগফিরাতের মিশেলে একাকার এই পবিত্র রমজানের পরপরই মুসলিম উম্মাহর মাঝে উৎসাহ, উদ্দীপনা, প্রেম-প্রীতি, ভালোবাসা ও মিলনমেলার এক কেন্দ্রবিন্দু হয়ে আসে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে বাস, লঞ্চ ও ট্রেনে নীড়ে ফিরতে উদগ্রীব লাখো মানুষের জনস্রোত ঈদের কয়েক দিন আগে থেকেই দেখা যায়। সেই দৃশ্যে ফুটে ওঠে অনাবিল, অপার্থিব এক স্বর্গীয় আনন্দ। ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য অনেক দিন আগেই টিকিট কেটে রেখেছি। বুকের ভেতরে জমে আছে তীব্র আবেগ ও উচ্ছ্বাস।

মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে—কত দিন পর বাড়ি যাব, পরিবারের সবার সঙ্গে দেখা করব, আনন্দ-অনুভূতি বিনিময় করব, একসঙ্গে খাবার খাব, আর বাল্যকালের বন্ধুদের সঙ্গে আবারও আড্ডায় মেতে উঠব। ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক অবারিত উচ্ছ্বাস, উদ্দীপনা ও আগ্রহ। শ্রেণিবৈষম্য ভুলে ধনী-গরিব সবাইকে এক কাতারে এনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করুক মুসলিম উম্মাহকে।
ইলিয়াস আলী ইকরাম, আইন বিভাগ

ঈদুল ফিতর—আনন্দ, ভালোবাসা ও একাত্মতার বার্তা
এবারের রমজান আমার কাছে খুব দ্রুত কেটে গেছে বলে মনে হয়েছে। সেমিস্টার ফাইনাল পরীক্ষার ব্যস্ততায় রমজানকে খুব ভালোভাবে উপভোগ করা হয়নি। তবে এখন পরীক্ষা শেষ হওয়ায় অনেক খুশি, সেই সঙ্গে আর কিছুদিন পর আসছে ঈদুল ফিতর। দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধনার পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের অনুভূতিই অন্যরকম। ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়; বরং আশপাশের সবার সঙ্গে অনুভূতি ভাগাভাগি করার একটি বিশেষ মুহূর্ত। পরিবার, বন্ধু-বান্ধব ও আপনজনদের সঙ্গে সময় কাটানো এবং পুরোনো শত্রুতা ভুলে গিয়ে সবাইকে আপন করে নেওয়ার এক সুন্দর উপলক্ষ হলো ঈদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঈদ আনন্দের আরও একটি কারণ হলো—অনেকে পরিবার থেকে দূরে থেকে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে পড়াশোনা করে। ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও পরীক্ষার কারণে তাদের বাড়ি থেকে দূরে থাকতে হয়। ঈদের সময় তারা বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পায়, যা তাদের জন্য বিশেষ আনন্দের।
উম্মে হাবিবা মীম, হিসাববিজ্ঞান বিভাগ

পরীক্ষার ক্লান্তি শেষে ঈদুল ফিতরের হাতছানি
হিসাববিজ্ঞানের জটিল সমীকরণ আর ক্যাম্পাসের ব্যস্ততার মাঝে এবারের রমজান আমার কাছে ছিল একটু বেশিই চ্যালেঞ্জিং। ২০ তম রমজান পর্যন্ত টানা সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলায় এবারের সিয়াম সাধনার সিংহভাগ সময় কেটেছে লাইব্রেরি আর পরীক্ষার হলের টেবিলে। 

রোজা রেখে পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন হলেও, হল জীবনের এই অভিজ্ঞতা আমাকে ধৈর্য ও নিয়মানুবর্তিতা শিখিয়েছে। এখন পরীক্ষা শেষ, তাই ঈদুল ফিতর নিয়ে মনে বইছে অন্যরকম আনন্দের হিল্লোল। মধ্যবিত্ত ছাত্রজীবনে ঈদ মানে শুধু উৎসব নয়, বরং দীর্ঘ ব্যস্ততা শেষে নাড়ির টানে প্রিয় মা-বাবার কাছে ফিরে যাওয়া। সব ক্লান্তি মুছে দিয়ে এই ঈদ সবার জীবনে প্রশান্তি ও সার্থকতা বয়ে আনুক—এটাই প্রত্যাশা।
রিয়াতুল হাসান রাব্বি, হিসাববিজ্ঞান বিভাগ

ঈদের রঙে মিশে যাক সবার প্রাণ
ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ ও ঐক্যের বার্তা নিয়ে আসে। রমজানের সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের দিনে আমরা পরিবার-পরিজন নিয়ে আনন্দ করি, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করি এবং সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করি। ঈদের নামাজ আদায় করে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। নতুন পোশাক পরে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলি। ঈদ আমাদের মনে নতুন আশা জাগায়। আমরা ঈদের চেতনাকে হৃদয়ে ধারণ করে জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলতে পারি।

ঈদ আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা বাড়াতে সাহায্য করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ব্যস্ত পড়াশোনার মাঝেও পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে; দূর-দূরান্ত থেকেও বাড়ি ফিরে এই উৎসবে অংশগ্রহণ করে। ঈদুল ফিতরের এই আনন্দ আমাদের জীবনে বারবার ফিরে আসুক—এই কামনা করি। ঈদের রঙে মিশে যাক সবার প্রাণ।
রিপা ইসলাম, বাংলা বিভাগ

ঈদুল ফিতরের স্বর্গীয় আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের সিয়াম সাধনার শেষে শাওয়ালের এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদের আগমনী বার্তা। রমজানের শুরু থেকেই প্রতিটি মুসলিমের মনে ঈদুল ফিতরকে ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। স্বর্গীয় আনন্দের এক ভিন্ন অনুভূতি সবার মনে কড়া নাড়তে থাকে। শুরু হয় এই আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করে আরও বাড়িয়ে তোলার প্রস্তুতি।

ক্যাম্পাস কখন বন্ধ হবে, কখন টিকিট কাটব, কখন বাড়ি যাব—এসব ভাবনায় তৈরি হয় এক অন্যরকম আমেজ। বাড়িতে গিয়ে ভাইবোনদের সঙ্গে ঈদের কেনাকাটা, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। ঈদগাহে সবার সঙ্গে কোলাকুলি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করে।

ঈদ শুধু ধনীদের জন্য নয়—ঈদ সবার। প্রকৃতপক্ষে, ধনী-দরিদ্র, সুখী-অসুখী, আবাল-বৃদ্ধ-বনিতা—সব মানুষের জন্যই ঈদ নিয়ে আসে নির্মল আনন্দের আয়োজন। ঈদুল ফিতরের পবিত্রতা, ত্যাগ-তিতিক্ষা, সম্প্রীতি, ভালোবাসা ও আনন্দ সবার মনকে রাঙিয়ে দিয়ে পুরো মুসলিম জাতিকে এক কাতারে নিয়ে আসুক—এই প্রত্যাশা আমাদের।
আতিক হাসান, অর্থনীতি বিভাগ

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.