খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার কার্যভার গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে গত ১২ এপ্রিল, ২০২৬ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পরবর্তী ০৪ (চার) বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ডা. রফিকুস সালেহীন পেশাগত জীবনে একজন অত্যন্ত দক্ষ সার্জন এবং অভিজ্ঞ শিক্ষক হিসেবে সুপরিচিত। উপাচার্যের যোগদান উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে।বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক যোগদান ও কার্যভার গ্রহণ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে একটি পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব এস এম আবু নাসের ফারুক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. কামাদা প্রসাদ সাহা। অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা সহকারে নতুন উপাচার্য ও বিদায়ী উপাচার্যকে স্বাগত জানানো হয়। এরপর সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. মো. রুহুল আমিন তার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে নতুন উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন এর কাছে হস্তান্তর করেন।
এ সময় নবনিযুক্ত উপাচার্য বিদায়ী উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আন্তরিক সহায়তা কামনা করেন। পরিশেষে বিদায়ী উপাচার্যের হাতে ক্রেস্ট তুলে দেন নতুন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।
তার যোগদানের মাধ্যমে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা এবং চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









