সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনা করা অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ থেকে মাজারের দৈনন্দিন খরচ, কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যদের বেতন-ভাতা দেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সদস্যসচিব ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আর মামুন।
জেলা প্রশাসক বলেন, ‘‘দানের অর্থ গণনা ও হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একজন ম্যানেজার নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি বা সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ করা হবে।’’
মাজার পরিচালনায় সাত সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আহ্বায়ক হবেন জেলা প্রশাসক, মাজারের মোতোয়াল্লি থাকবেন সদস্যসচিব, সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, মহানগর পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধি কমিটিতে সদস্য থাকবেন।
গত জুনে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। এরপর চার দফায় দানবাক্স ও ডেগ থেকে ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া যায়। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর পাওয়া যায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ সময় ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রাও পাওয়া যায়।
এর আগে ১৫ আগস্ট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, ১১ জুলাই ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ২২ জুন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









