মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লসনা এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত অটোরিকশার ভেতরে থাকা তিনযাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, ‘‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









