কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও এক নারী নিখোঁজ রয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাবাহী নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৮ বাংলাদেশি নাগরিক ও ৮ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় সাগর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরও এক নারী নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে দেশ ছেড়েছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নৌকাটি কী কারণে ডুবে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত দালালদের শনাক্তে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









