ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতার শেষ দিনে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও মাঠে উপস্থিত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ফলে টুর্নামেন্টের তৃতীয় স্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বুধবার (৬ মে) সকাল দশটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কোনো দলই মাঠে না আসায় আয়োজকরা কাউকে বিজয়ী ঘোষণা করতে পারেননি।
জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দলটির মূল শক্তি হিসেবে পরিচিত তিনজন বিদেশি (নেপালি) খেলোয়াড় বিশেষ কোনো কারণে খেলতে অপারগতা জানান। সেরা খেলোয়াড়দের ছাড়া দল মাঠে নামতে অনীহা প্রকাশ করায় তারা ম্যাচে অংশ নেয়নি বলে জানান। অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিম কর্তৃপক্ষকে কোনো কিছু না জানিয়েই খেলার মাঠ ত্যাগ করে। পরবর্তীতে আয়োজক কমিটি ঢাবি টিমের সাথে যোগাযোগ করলে তারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব ড. শেখ মোস্তাফিজুর রহমান জানান, “সকাল ১০টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু অংশগ্রহণকারী দু’টি দলের কেউই মাঠে উপস্থিত না থাকায় কাউকেই তৃতীয় স্থান ঘোষণা করা সম্ভব হয়নি।”
তৃতীয় স্থান কে হবে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু উভয় দলই অনুপস্থিত ছিল সে ক্ষেত্রে তৃতীয় স্থান নির্ধারণের বিষয়টা এখন আমার হাতে নেই। এর আগে কিছু বলা যাচ্ছে না। যদি কোনো একটি দলও উপস্থিত থাকতো তবে তাকেই বিজয়ী ঘোষণা করা হতো। তাই তৃতীয় স্থান নির্ধারণী বিষয়টা স্পোর্টস বোর্ড মিটিংয়ে উত্থাপন করা হবে সেখান থেকে যে সিদ্ধান্ত হবে— সেটাই চূড়ান্ত।”
উল্লেখ্য, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমন নাটকীয়তা দেখা দিলেও নির্ধারিত সূচি অনুযায়ী আজ (৬ মে) বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মুখোমুখি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাস্কেটবল টিম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









