চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আদালতের একটি এজলাস ও বিচারকের খাসকামরার দরজার কাচ ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
স্বেচ্ছাসেবক দলের নেতাদের দাবি, একটি মামলায় হাজিরা দিতে গিয়ে এজলাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিচারকের মন্তব্যের প্রতিবাদে তারা আদালতের বাইরে বিক্ষোভ করেন। তবে ভাঙচুরের সঙ্গে তাদের কেউ জড়িত নন বলে দাবি করেন তারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী বলেন, ‘‘বিচারককে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে আদালতের বাইরে বিক্ষোভ করা হয়েছে।’’ ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার দাবি জানান তিনি।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ফরহাদ হোসেনের দাবি, বিচারক সরকারের সমালোচনা করেননি। আদালত চলাকালে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা বলার পর আদালতের বাইরে থাকা নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। পরে প্রথমে বিচারকের খাসকামরার দরজা এবং এরপর এজলাসের দরজার কাচ ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (অভিযান) আবদুর রউফ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ‘‘ভাঙচুরের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অবস্থান কারীদের সরিয়ে দেওয়া হয়।’’
তিনি বলেন, ‘‘আমরা বিচারক মহোদয়ের সাথে কথা বলেছি এবং জোরালো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিচারকের খাসকামরা ভাঙচুরের ঘটনায় কোন অভিযোগ না থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









